ভারতে বাংলাদেশসহ ১১ দেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ ১১টি দেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা অংশ নেন। ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের উদ্যোগে গত মঙ্গলবার ‘ইউএস অ্যাম্বাসেডরস রিজিয়নাল কনফারেন্স’ নামে এই বৈঠকের আয়োজন করা হয়। সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম, আঞ্চলিক অগ্রাধিকার, নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর আওতাধীন বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নিযুক্ত ওয়াশিংটনের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা বৈঠকে অংশ নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কূটনৈতিক সহকর্মীদের স্বাগত জানিয়ে সার্জিও গোর বলেছেন, ভারতে দক্ষিণ ও মধ্য এশিয়ার সব রাষ্ট্রদূতকে একসঙ্গে পেয়ে তিনি আনন্দিত। সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক বার্তায় রুবিও রাষ্ট্রদূত-মিশন প্রধানদের সঙ্গে মতবিনিময় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্রদূতরা অত্যন্ত গর্বের সঙ্গে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলছেন।’ এর আগে সোমবার ভারতের পাঞ্জাবের অমৃতসর সফর করেন সার্জিও গোর। সেখানে তিনি শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান স্বর্ণমন্দির পরিদর্শন করেন। পাশাপাশি জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ জাদুঘরও ঘুরে দেখেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদার এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অক্টোবরের মাঝামাঝি উজবেকিস্তান সফরের কথা রয়েছে মার্কো রুবিওর। সফরে যুক্তরাষ্ট্রের ১০০টিরও বেশি প্রতিষ্ঠানের বিশাল ব্যবসায়ী প্রতিনিধি দল তার সঙ্গে থাকবে। উজবেকিস্তানের সমরকন্দ সফরকালে রুবিও ‘সি৫ +১’ মন্ত্রীপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন। সেখানে কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন।