স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

রাড্ডায় ভাঙচুরের ঘটনায় এমপি মিষ্টির বিষয় তদন্তাধীন

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ এএম

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের (মিষ্টি) বিষয়টি তদন্তাধীন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংশ্লিষ্টতা পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটায় একজন এমপির নাম এসেছে। এরকম কোনো ঘটনা আছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত চলছে। সেখানকার থানার একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব অবহেলা পাওয়া গেছে, তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হয়েছে। এ ছাড়া রাজনৈতিক সংশ্লিষ্টতা ওখানে নেই, যারা অপরাধী হিসেবে ওখানে গেছে তাদের কারও কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু সেটা আমরা কখনোই আমলে নেব না। তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমপির বিষয়ে মন্ত্রী বলেন, সেখানে একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতা আছে কি না প্রশ্ন তুলেছেন, সেটা তদন্তাধীন।

এ বিষয়ে আমরা কাউকে ছাড় দেব না, যদি সংশ্লিষ্টতা পাওয়া যায়।

গত বৃহস্পতিবার রাতে রাড্ডা সেন্টারে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আক্তার বাদী হয়ে বিএনপি নেতা মো. হানিফ মিয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা হানিফ মিয়া।

সর্বশেষ সর্বাধিক পঠিত