হাসপাতাল থেকে হাতকড়াসহ পালাল রোহিঙ্গা যুবক

কক্সবাজার সদর হাসপাতাল থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে ইব্রাহিম নামের এক রোহিঙ্গা যুবক। তিনি অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া আসামি। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ইব্রাহিম টেকনাফের হ্নীলার মোছনী ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ সলিমের ছেলে।

জানা যায়, কক্সবাজার সদর হাসপাতালের ৫মে তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ইব্রাহিম। রাত ১০টার দিকে সদর হাসপাতালের বেড থেকে হাতকড়া পরা অবস্থায় তিনি পালিয়ে যান। আটক ইব্রাহিমের পাহাড়ায় ছিলেন পুলিশ লাইন্সের এক এএসআই ও দুই কনস্টেবল।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালীতে স্থানীয় যুবক জাকির হোসেনকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক হন রোহিঙ্গা যুবক ইব্রাহিম ও নুরুল আলম। তাদের দুজনকে গণপিটুনি দিয়ে উখিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর পুলিশ তাদের আটক করে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। আটকের পর তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার জানান, পলাতক ইব্রাহিমকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।