পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, সিলেটের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনাঞ্চল এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন থেকে সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগে বন্ধ রয়েছে। এতে বনাঞ্চলের ভেতরে ট্রেনটি আটকা পড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এঘটনা ঘটে।

​ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার গৌড়প্রসাধ দাস পলাশ জানান, দুপুর আড়াইটার দিকে লাউয়াছড়া বন দিয়ে ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের এক বগির সঙ্গে অন্য বগির সংযোগকারী হুকটি ছিঁড়ে যায়। এতে ট্রেনের ৯টি বগি থেকে অন্য বগিগুলো আলাদা হয়ে কিছুটা সামনে চলে যায় এবং যাত্রীবাহী সাতটি বগি বনের মধ্যেই দাঁড়িয়ে পড়ে। এঘটনায় ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

এদুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে সংশ্লিষ্ট রেলওয়ে প্রকৌশলী ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিন ও বগি পুনর্সংযুক্তকরণের কাজ শুরু করেছে বলে জানান স্টেশন মাস্টার।  ​