ফেনীতে সড়ক ও সেতু উন্নয়নকাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব

ফেনীর গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ। 

শুক্রবার  (২ সেপ্টেম্বর) সকালে তিনি শুভপুর সেতু, ফেনী-ছাগলনাইয়া সড়ক এবং ফেনী-বিলোনিয়া সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি, নির্মাণকাজের মান, সড়কের বিভিন্ন অংশের অবস্থা ও বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন ।

পরিদর্শনের শুরুতে ফেনী-বিলোনিয়া সড়কের স্ট্যান্ডার্ড দুই লেনে উন্নীতকরণ কাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সড়কের বিভিন্ন স্থানে নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে কাজের বিভিন্ন বিষয়ে তথ্য নেন তিনি।

এরপর ফেনী-ছাগলনাইয়া সড়কের চলমান উন্নয়নকাজের বিভিন্ন স্থান পরিদর্শন করেন, সড়কের বিভিন্ন স্থানে নেমে চলমান নির্মাণ ও উন্নয়নকাজ সরেজমিনে দেখেন তিনি। এ সময় কাজের অগ্রগতি, গুণগত মান ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিদর্শনের ধারাবাহিকতায় ছাগলনাইয়ার শুভপুর এলাকায় ফেনী নদীর ওপর নির্মাণাধীন নতুন শুভপুর সেতুর কাজও পরিদর্শন করেন তিনি। সেতু ও এর আশপাশের সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

ফেনী (মোহাম্মদ আলী বাজার)-ছাগলনাইয়া-শুভপুর-করেরহাট সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটি আধুনিকায়নের কাজ চলছে। প্রায় ৩৫ দশমিক ৫ কিলোমিটার সড়ককে বিদ্যমান প্রায় ৫ দশমিক ৫ মিটার প্রস্থ থেকে ১০ দশমিক ৩ মিটার প্রশস্ত করে স্ট্যান্ডার্ড দুই লেনে উন্নীত করার কাজ চলছে। প্রকল্পটির ব্যয় প্রায় ৫৫০ কোটি টাকা।

এ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ফেনী নদীর ওপর নির্মাণ করা হচ্ছে নতুন শুভপুর সেতু। সেতুটির দৈর্ঘ্য প্রায় ৪৩৩ মিটার। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ গত বছরের এপ্রিল মাসে শুরু হয়।

পরিদর্শনকালে কবির আহামদ বিভিন্ন স্থানে গাড়ি থেকে নেমে সরেজমিনে কাজ দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে কাজের অগ্রগতি ও বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান। একই সঙ্গে নির্মাণকাজের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি।

সবগুলো প্রকল্প এলাকা পরিদর্শন শেষে ছাগলনাইয়ায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান, প্রতিনিধি ও প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে আলোচনা সভায় অংশ নেন কবির আহামদ। সভায় চলমান প্রকল্পগুলোর কাজের অগ্রগতি ও বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করে কাজ করার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে চুক্তিপত্র ও কোটেশনে উল্লেখিত শর্ত ও নির্দেশনা অনুযায়ী নির্মাণকাজ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। কাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্যও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।সভায় প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। চলমান কাজের অগ্রগতি অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি সময়ে সড়ক ও সংশ্লিষ্ট অবকাঠামোর কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফেনী-বিলোনিয়া, ফেনী-ছাগলনাইয়া-শুভপুর-করেরহাট সড়ক এবং নতুন শুভপুর সেতুর উন্নয়নকাজ শেষ হলে ফেনীর সঙ্গে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও চট্টগ্রামের মিরসরাইসহ আশপাশের এলাকার সড়ক যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।