ফেনী শহরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে আনোয়ার হোসেন পারভেজ নামে এক যুবককে গণপিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। পুলিশ তাকে ও তার স্ত্রীকে উদ্ধার করে থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শহরের গার্ডেন সিটি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন- ফেনী মডেল থানার কনস্টেবল ভানু দাস (৪৫) ও তারিকুল ইসলাম (৩২)। তারা রাতেই ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তবে পুলিশের পক্ষ থেকে সদস্য আহত হওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
আনোয়ার হোসেন পারভেজ দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ইমান আলী সওদাগর বাড়ির কামাল উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে ফেনী শহরের গার্ডেন সিটি ভবনের ১৬ তলায় একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেসবুকের একটি আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন তার বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভেজ ও তার স্ত্রীকে উদ্ধার করে থানায় নেওয়ার উদ্যোগ নেয়।
এ সময় পুলিশের গাড়িতে তোলার মুহূর্তে বিক্ষুব্ধ জনতা পারভেজকে মারধর করে। পরে উত্তেজিত লোকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও ডিম ছুড়তে থাকে। এতে গাড়িটির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়। ইটপাটকেলের আঘাতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল বলেন, বিক্ষুব্ধ লোকজনের কাছ থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করা হয়। এতে গাড়িতে থাকা নারী কনস্টেবল ও চালক আহত হয়েছেন। অভিযুক্ত যুবক ও তার স্ত্রীকে থানায় রাখা হয়েছে।
তবে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত যুবক ও তার স্ত্রীকে নিরাপদে থানায় নেওয়া হয়।
গাড়ি ভাঙচুরের বিষয়ে ওসি জানান, আটকদের থানায় নেওয়ার পথে জনতার ছোড়া ইটপাটকেলে গাড়ির আংশিক ক্ষতি হয়েছে। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় কটূক্তির অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।