আগামী ১০০ বছরের চিন্তা মাথায় রেখে মাস্টারপ্ল্যান সাজানো উচিত। চট্টগ্রাম শহরে দিন দিন জনসংখ্যা বাড়ছে। কিন্তু সেই তুলনায় মানুষের স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য পর্যাপ্ত সড়ক-উপসড়ক নেই। যে কারণে যানজট একটি বড় সমস্যা হয়ে পড়েছে। মানুষের ভোগান্তি বাড়ছে। তাই চট্টগ্রাম শহরকে সম্প্রসারণ করা না হলে ভবিষ্যতে এই জটিলতা আরও বৃদ্ধি পাবে। তাই সুষ্ঠু যোগাযোগ ও আবাসন ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়েই সিডিএ’র মাস্টারপ্ল্যান সাজাতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শহরমুখী জনসংখ্যার স্রোত থামানো না গেলে আগামী ১০ বছর পর শহরে চলাচল কঠিন হয়ে পড়বে। তাই এখনই এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সিডিএ’র নতুন মাস্টার প্ল্যানে আমার নির্বাচনী এলাকা পটিয়াসহ শহরের নিকটবর্তী বেশ কয়েকটি উপজেলায় উপশহর গড়ে তোলার পরিকল্পনার কথা ইতিমধ্যে আমাকে সিডিএ’র সংশ্লিষ্ট নগর পরিকল্পনাবিদ জানিয়েছেন। এ ধরনের পরিকল্পনাকে আমি স্বাগত জানাই। তবে এটাও ঠিক শুধু নামকাওয়াস্তে উপশহর আখ্যা দিয়ে মানুষের কাছ থেকে কর আদায়ের সুযোগ নিলে হবে না। এসব এলাকায় যথাযথ যোগাযোগব্যবস্থা, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি সুযোগ সুবিধাগুলোর নিশ্চিত করতে হবে। সেটা না হলে শহর সম্প্রসারণের এই উদ্যোগ সফল হবে না।
এনামুল হক এনাম
সংসদ সদস্য, চট্টগ্রাম-১২ (পটিয়া)