ঢামেক হাসপাতালে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে অজ্ঞাত এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, সকালে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী বাথরুমে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তিনি দেখতে পান যে বাথরুমের উপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ওই তরুণী। তবে তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরে ফ্লোরে জমে আছে। সঙ্গে সঙ্গে শাহবাগ থানায় খবর দিলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশ সদস্যরা ঘটনারস্থলে এসেছেন।

ঢাকা মেডিকেলের কয়েকজন পরিচ্ছন্ন কর্মী জানান, তারা তিনজন সকাল ১০টার দিকে হাসপাতালের ১১০/১১১ নম্বর ওয়ার্ডের পাশে রোগীদের বাথরুম পরিষ্কার করতে যান। তখন একটি বাথরুমের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। সব বাথরুম পরিষ্কার করার পরও সেই বাথরুমের থেকে কেউ বের না হওয়ায় তারা ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে লাথি দিয়ে দরজা খুলে দেখেন ওই তরুণী ঝুলন্ত অবস্থায় রয়েছে।

ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, বাথরুমে ভেন্টিলেটরের একটি বড় ফাঁকা জায়গা রয়েছে। সেখান দিয়েও যে কেউ বাইরে বেরিয়ে যেতে পারবে। সব মিলিয়ে ঘটনাটি সন্দেহের বাইরে রাখছে না আইনশৃঙ্খলা বাহিনী।

ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান জানান, নিহত তরুণীর নাম পরিচয় এখনও কিছুই জানা যায়নি। তিনি হাসপাতালের রোগী, দর্শনার্থী নাকি বাইরে থেকে এসেছেন কোনো কিছুই বুঝা যাচ্ছে না। তবে মরদেহের পাশে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। বিস্তারিত তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।