চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ১৬টি এক হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর গ্রামের দেওয়ান বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উত্তর বোরচর গ্রামের মৃত মঞ্জিল দেওয়ানের ছেলে নিজাম উদ্দিন (৩৯) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মো. ময়নাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আসামিদের বসতঘরে অভিযান চালায়। এ সময় রাত ১২টা ৪৫ মিনিটে তাদের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ১৬টি জালনোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জালনোটের মোট মূল্য ১৬ হাজার টাকা।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, জালনোটসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। জালনোট চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।