হাজীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ এএম

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২০ হাজার ৭০০ টাকাসহ নার্গিস আক্তার (৩৪) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে হাজীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার বিশ্বরোড সংলগ্ন পাটওয়ারী ভবনের ৬ষ্ঠ তলার একটি ভাড়া বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান এবং পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার দিকনির্দেশনায় এসআই আবু আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রাত্রিকালীন কিলো-৬ ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।

​অভিযানে ধৃত আসামী নার্গিস আক্তারকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসার ভেতর থেকে মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী ও অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত নার্গিস আক্তার ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া (বেপারী বাড়ি) গ্রামের মো. জুয়েল হোসেনের স্ত্রী। মামলায় অন্য দুই পলাতক আসামী হলেন—তার স্বামী মো. জুয়েল হোসেন (৩২) এবং মকিমাবাদ এলাকার মো. শহীদ গাজী (৫১)।

​এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক)/৪১ ধারায় একটি মামলা (মামলা নং- ০২, তারিখ: ০১/১০/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত