বাঙালি শ্রোতাদের হৃদয়ে প্রেমের গান সবসময়ই এক আলাদা আবেগ সৃষ্টি করে। সেই আবেগকে আরও একবার উসকে দিতে নতুন গান নিয়ে হাজির শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ড. শম্পা দেওয়ান। সমসাময়িক শ্রোতাদের চাহিদাকে মাথায় রেখে তিনি নিয়ে এলেন তার নতুন একক গান ‘তোকে নিয়ে পালাতে চাই’। চিরচেনা প্রেমের চিরন্তন আকুতি ও আধুনিক সুরের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই গানটিতে। এর কথা কথা লিখেছেন সুপরিচিত গীতিকার ফয়সাল রাব্বিকীন। চমৎকার এই কথার পিঠে মন ছুঁয়ে যাওয়া সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক রেজওয়ান শেখ। গানের ভিডিওতে মডেল হয়েছেন সৈয়দ মহিবুর আলম ও আদ্রিতা রহমান। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নাজমুল ইভান। গানটির প্রতিটি লাইনে উঠে এসেছে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ও সামাজিক সব বাধা পেরিয়ে দূরে কোথাও হারিয়ে যাওয়ার গল্প।
নতুন গান নিয়ে ড. শম্পা দেওয়ান বলেন, ‘একটি কঠিন পরিস্থিতিতে আটকে থাকা ভালোবাসার কল্পনা—যেখানে দেখা করা বা কথা বলা সম্ভব নয়, পারিবারিক বাধা রয়েছে, কিন্তু ভালোবাসা প্রবল। সেই কষ্ট থেকেই জন্ম নেয় প্রিয় মানুষটিকে নিয়ে সব বাধা পেরিয়ে কোথাও দূরে হারিয়ে যাওয়ার স্বপ্ন। গানটির মধ্যে তাই একই সঙ্গে আছে বিচ্ছেদের কষ্ট এবং ভালোবাসার কল্পিত আনন্দ। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
লোকগান ও বিচ্ছেদ ধারার গানে ড. শম্পা দেওয়ানের কণ্ঠের জাদু শ্রোতারা আগেই পছন্দ করেছেন। তবে এই গানটিতে তিনি নিজেকে হাজির করেছেন একদম ভিন্ন আঙ্গিকে। আধুনিক মেলোডি-নির্ভর এই রোমান্টিক ট্র্যাকে তার কণ্ঠের পরিপক্বতা এবং আবেগ প্রকাশের ধরন শ্রোতাদের নতুন এক অনুভূতির মুখোমুখি দাঁড় করিয়েছে। গানটির দৈর্ঘ্য ৪ মিনিট ৩৭ সেকেন্ড, যা শ্রোতাকে শুরু থেকে শেষ পর্যন্ত মোহাবিষ্ট করে রাখে। রোমান্টিক কথামালার গানটি ‘আর্টবক্স মিউজিক’-এর ব্যানারে সম্প্রতি মুক্তি পেয়েছে। টিনএজ প্রেমের আবেগঘন গল্প নিয়ে নির্মিত গানটি প্রযোজনা করেছে আর্টবক্স মিউজিক।আধুনিক সুর, রোমান্টিক কথামালা এবং হৃদয়ছোঁয়া কণ্ঠের সমন্বয়ে গানটি হয়ে উঠেছে তরুণ প্রজন্মের ভালোবাসার এক রোমান্টিক গল্প। এর আগে এই গায়িকার কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘বন্ধু তোমায় একটি কথা বলতে চাই’, ‘তোমায় ভুইলা থাকি’, ‘চল বৈশাখী মেলায়’, ‘প্রেমের বিজ্ঞাপন’সহ বেশ কয়েকটি গান। সামনে নতুন আরো কয়েকটি নতুন গান আসছে বলে জানিয়েছেন শম্পা দেওয়ান।