চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে এসআরবি-২।

গতকাল সোমবার আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার পর তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, বিএনপি নেতা স্বপনকে এসআরবি গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করেছে।

পুলিশ ও এসআরবি সূত্রে জানা যায়, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

এর মধ্যে ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক কারবারিদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, স্বপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।