রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে রিমান্ড শেষে জামিন দিয়েছে আদালত। গত রবিবার জামিনের আদেশের পর গতকাল সোমবার সন্ধ্যায় আদালত থেকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই (উপপরিদর্শক) তারেকুর রহমান।
রবিবার তিন দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুই হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
গত ৩০ সেপ্টেম্বর সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পর দিন ১ অক্টোবর তাকে তিন দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকার নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়। এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।