কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে আহূত বিক্ষোভ সমাবেশ প- হয়েছে পুলিশি বাধার মুখে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতিকালেই পুলিশি বাধার মুখে পড়েন বলে দলীয় নেতাকর্মীদের অভিযোগ। এ সময় পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে বাগ্বিত-া ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পুলিশের দাবি, আইনশৃঙ্খলার অবনতি রুখতে এবং নিরাপত্তাজনিত কারণে এনসিপির বিক্ষোভ সমাবেশ করতে দেওয়া হয়নি। এ সময় এনসিপির নেতাকর্মীরা প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থান করার পর শেষ পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিত করে পাবলিক লাইব্রেরির মাঠ ছেড়ে স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, নিরাপত্তাজনিত কারণে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেওয়া হয়নি। তাদের বলা হয়েছিল মাঠের মধ্যেই সমাবেশ করতে। কিন্তু তারা মাঠের বাইরে এসে বিক্ষোভ করতে চাইলে নিরাপত্তাজনিত কারণেই পুলিশ তাদের রাস্তায় বের হতে দেয়নি।

প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের মাজার চত্বরে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে মাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংবাদ পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওই ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল এনসিপি।