অন্যের পরিণতি দেখে শিক্ষা না নিলে যা হয়

অন্যের জীবন ও পরিণতি থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব অনেক। যারা ভুলের পরিণতি দেখে সতর্ক হয়, তারা একই ভুলের পুনরাবৃত্তি থেকে নিজেদের রক্ষা করতে পারে। আর যারা অন্যের পরিণতি দেখেও শিক্ষা নেয় না, একসময় তাদের জীবনই অন্যদের জন্য শিক্ষার বিষয় হয়ে দাঁড়ায়। 

গত শুক্রবার (২ অক্টোবর) মসজিদে হারামের জুমার খুতবায় এই বিষয়ে আলোচনা করেন শায়খ ড. ফয়সাল গাজ্জাবি।

তিনি বলেন-

যে ব্যক্তি অন্যের পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করে না, একদিন অন্যরা তার পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করবে।

হাসান বসরি (রহ.) বলেছেন, ‘হে আদমসন্তান! তুমি তো কয়েকটি দিনের সমষ্টি। তোমার একটি দিন চলে গেলে তোমার একটি অংশও চলে যায়। অতএব, তোমার আগে যারা ছিল, তাদের থেকে শিক্ষা গ্রহণ করো। এমন হয়ো না, যেন তোমার পরে যারা আসবে, তারা তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে।’

জ্ঞানীদের একটি প্রজ্ঞাপূর্ণ কথা হলো, যে অন্যের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করে, সে অন্যদের তাকে দেখে শিক্ষা গ্রহণের কারণ হতে দেয় না। আর যে নিজেকেই অন্যের জন্য উপদেশের বিষয় বানায়, সে নিজের জন্য কোনো উপদেশদাতা খুঁজে পায় না।