মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। জীবনের পথে চলতে গিয়ে মানুষ কখনো কখনো ভুল করে। তবে একজন মুমিনের বৈশিষ্ট্য হলো, সে ভুল থেকে শিক্ষা নেয় এবং একই ভুল বারবার করার ব্যাপারে সতর্ক থাকে। নবীজি (সা.) বলেছেন, ‘মুমিন একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না।’ (সহিহ বুখারি ৬১৩৩)
এই হাদিসে মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ একটি নীতি তুলে ধরা হয়েছে। একজন মুমিন সরল ও ক্ষমাশীল হবেন, কিন্তু অসতর্ক হবেন না। কারও আচরণে প্রতারিত হওয়ার পর তিনি বিষয়টি থেকে শিক্ষা নেবেন। একইভাবে কোনো সিদ্ধান্তের কারণে ক্ষতির সম্মুখীন হলে তিনি নিজের ভুল বিশ্লেষণ করবেন এবং ভবিষ্যতে সেই ভুল যেন আবার না হয়, সেই বিষয়ে সচেতন থাকবেন।
ভুল মানুষের জীবনের অংশ। কিন্তু একই ভুল বারবার করা বিচক্ষণতার পরিচয় নয়। একজন বুদ্ধিমান মানুষ নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান। তিনি কোথায় ভুল করেছেন, কেন ভুল করেছেন এবং কীভাবে ভবিষ্যতে তা এড়ানো যায়, তা নিয়ে চিন্তা করেন। এতে তার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিপক্বতা আসে।
জীবনে কোনো ভুল বা ব্যর্থতা এলে হতাশ না হয়ে তা থেকে শিক্ষা নেওয়া উচিত। নিজের ভুলকে সংশোধনের সুযোগ হিসেবে দেখা দরকার। অতীতের অভিজ্ঞতা ভবিষ্যতের পথচলাকে আরও সতর্ক ও সুন্দর করতে পারে।
জান্নাতের নির্মাণশৈলী, সৌন্দর্য ও অধিবাসী