শিবচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পৃথক ঘটনায় পানিতে ডুবে সাইমা (১) ও নাজমুল হোসেন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার কুতুবপুর ও দত্তপাড়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

নিহত সাইমা উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী করিম শিকদারকান্দি গ্রামের সাইফুল শিকদারের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খাবার খাওয়ার পর সাইমা খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের ভেতরের বাথরুমে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জমিল হোসেন খান বলেন, পানিতে ডুবে গুরুতর অবস্থায় শিশুটিকে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামে বাড়ির পাশের খালে গোসল করতে নেমে পানিতে ডুবে নাজমুল হোসেন (৬) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন চরবাচামারা গ্রামের খোকন মালের ছেলে। সে ১১০ নম্বর চরবাচামারা মহিদুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক ও সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।