বিশেষ দিনের নিরামিষ

রেসিপি দিয়েছেন রুকমা দীক্ষা

মরিচের ঝোল

উপকরণ

আলু ২টা, পটোল ৬টা, ঝিঙে ২টা, বেগুন ২টা, কুমড়া ২০০ গ্রাম, বরবটি ১০টা, লাউ শাক কেটে নেওয়া ১ কাপ, কাঁচা মরিচ ৭টা, কালোজিরা ১ চা চামচ, লবণ ১ চা চামচ, চিনি ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, দুধ ১ কাপ, সরিষার তেল আধা কাপ, ভাজা বড়ি ১০টা।

যেভাবে তৈরি করবেন

কড়াইতে তেল গরম করে বেগুন ও বড়িগুলো ভেজে তুলে ওই তেলে কালো জিরা ও কাঁচা মরিচ ফোড়ন দিতে হবে। সব সবজি দিয়ে ভালো করে সাঁতলে নিন। সবজি হালকা ভাজা হলে লবণ চিনি ও পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। সবজি যখন সেদ্ধ হয়ে আসবে তখন ভাজা বড়ি বেগুন ও দুধ দিতে হবে। এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে। নামানোর আগে কাঁচা মরিচ ও কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে নিতে হবে।

খইয়ের বড়া

উপকরণ

খই ২ কাপ, নারকেল কোরা ১ কাপ, লবণ ১ চা চামচ, চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ৩ চা চামচ, কালোজিরা ১ চা চামচ, চালের গুঁড়া ১ কাপ, গ্রেট করা আদা ৩ চা চামচ, ভাজার জন্য তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

সব উপকরণ ভালো করে মেখে নিতে হবে। প্রয়োজনে সামান্য পানি মিশিয়ে নিন। যাতে দলা পাকানো যায়। এইবার ছোট ছোট বড়ার আকারে বানিয়ে ছাঁকা তেলে ভেজে তুলে রাখুন। গরম গরম পরিবেশন করুন।

থোড় কুমড়ার বড়ি

উপকরণ

থোড় ৫০০ গ্রাম খুব ছোট করে কেটে নেওয়া, কুমড়া ২০০ গ্রাম, ডুমো করে কাটা, গোবিন্দভোগ চাল ৫০ গ্রাম, নারকেল কোরা ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, সরিষার তেল সিকি কাপ, লবণ দেড় চা চামচ, চিনি ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ৪টা, গোটা জিরা ১ চা চামচ, তেজপাতা ২টা, আদা বাটা ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে থোড় একটু লবণ হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে কুমড়া চিনি ও লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করতে হবে। তেল গরম হলে তাতে জিরা ও তেজপাতা ফোড়ন দিতে হবে। ওই তেলে নারকেল কোরা দিয়ে ভালো করে ভাজতে হবে। এবার ভিজিয়ে রাখা চাল জিরা গুঁড়া, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মসলা কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে তাতে সেদ্ধ করা থোড় ও পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। থোড় ও চাল সেদ্ধ হয়ে গেলে ভেড়ে রাখা কুমড়া বড়ি দিয়ে আর কিছুক্ষণ রান্না করতে হবে। ভাজা ভাজা হলে ঘি, গরম মসলা গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।

চাটনি বেগুন

উপকরণ

বেগুন ৬টি, নারকেল কোরা ১ কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, গুড় ১ চা চামচ, লবণ ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ,  চাট মসলা ১ চা চামচ, হিং ১ চিমটি, তেল ৪ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

বেগুন ভালো করে ধুয়ে নিন। এরপর বোঁটা রেখে দিয়ে চার ফালি করুন। দেখবেন যেন বেগুনগুলো আস্ত থাকে। সরষে হিং ও তেল বাদ দিয়ে বাকি সব মসলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এই তৈরি হলো চাটনি। এই চাটনি বেগুনের ভেতর ভরে দিন ভালো করে। সুতো দিয়ে বেঁধেও দিতে পারেন যাতে মসলা বেরিয়ে না যায়।  এবার ননস্টিক প্যানে তেল গরম করে সরষে ও হিং-এর ফোড়ন দিন। এরপর তাতে মসলা ভরা বেগুন দিয়ে দিন। ঢাকা দিয়ে অল্প আঁচে বেগুন ভাজুন যতক্ষণ না বেগুন  সেদ্ধ হয়। বেগুন নরম হলে নামিয়ে পরিবেশন করুন।