১১০ বিলিয়ন ডলারের (১১০০ কোটি ডলার) একীভূতকরণ চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির নিয়ন্ত্রণ নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স। এই চুক্তি হলিউড ও বৈশ্বিক গণমাধ্যম শিল্পের চেহারা বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির।
এই চুক্তির ফলে কোটি কোটি মানুষের স্ট্রিমিং-অভিজ্ঞতায় পরিবর্তন আসতে পারে। চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে শুরু হবে নতুন এক অধ্যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সংবাদমাধ্যম সিএনএন-এর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
একীভূত কোম্পানির অধীনে আসছে এইচবিও, সিবিএস, নিকলোডিয়ান, শোতাইম, কমেডি সেন্ট্রাল, ডিসি স্টুডিওস এবং ফুড নেটওয়ার্ক-এর মতো জনপ্রিয় ব্র্যান্ড ও প্রতিষ্ঠান।
এছাড়াও প্যারামাউন্টের হাতে চলে আসবে হ্যারি পটার, গেম অব থ্রোনস এবং দ্য লর্ড অব দ্য রিংস-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির স্বত্ব। এর সঙ্গে যুক্ত হবে প্যারামাউন্টের বিদ্যমান সফল ফ্র্যাঞ্চাইজিগুলো—যার মধ্যে রয়েছে ইন্ডিয়ানা জোনস, মিশন ইম্পসিবল এবং শ্রেক।
নতুন এই বিশাল বিনোদন প্রতিষ্ঠানটির নাম হবে 'স্কাইড্যান্স কর্পোরেশন' যার প্রতিষ্ঠাতা ডেভিড এলিসন। স্কাইড্যান্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এলিসন চুক্তিটি সম্পন্ন হওয়ার ঘটনাকে চলচ্চিত্র শিল্পের জন্য 'ঐতিহাসিক' বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, 'শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল এই দুই ঐতিহ্যবাহী স্টুডিওকে একত্র করা এবং এমন একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী তৈরি করা, যার প্রতিভা, সম্পদ ও বৈশ্বিক পরিসর থাকবে—যাতে যেকোনো ধরনের গল্প, যেকোনো প্ল্যাটফর্মে এবং বিশ্বের যেকোনো প্রান্তের দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়। এখন সেই লক্ষ্য বাস্তবে পরিণত হয়েছে।'
চুক্তি চূড়ান্ত হওয়ার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি একটি 'দারুণ' চুক্তি। তিনি বলেন, 'তারা অসাধারণ মানুষ এবং এটি একটি দারুণ কোম্পানি হতে যাচ্ছে।' ট্রাম্পের সঙ্গে স্কাইড্যান্স করপোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডেভিড এলিসন এবং তাঁর বাবা ল্যারি এলিসনের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে বলে জানা গেছে। ল্যারি এলিসন সফটওয়্যার জায়ান্ট ওরাকল করপোরেশনের সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা।