মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ২ বসতঘর 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং রক্ষা পায় আশপাশের বেশ কয়েকটি বসতঘর। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কেয়াইন গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সিরাজদীখান ফায়ার স্টেশন কেয়াইন গ্রামে খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যদের প্রায় দেড় ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।  

এদিকে, আগুনে বিমল মণ্ডল ও বিশু মণ্ডলের কাঠ ও টিনের তৈরি দুটি বসতঘর এবং ঘরের ভেতরের মূল্যবান আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘরগুলো কাঠ ও টিনের নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন, যার ফলে আশপাশের একাধিক ঘর রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।