জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের নতুন তিন দিনের সংস্করণের যাত্রা শুরু হলো আজ। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই দেখা গেল ব্যাট-বলের দুই রকম ছবি। চার ম্যাচের তিনটিতে ব্যাটারদের জন্য দিনটি ছিল কঠিন, বিকেএসপিতে রংপুরের বিপক্ষে মাত্র ৩৮ রানে গুটিয়ে গেছে সিলেট, রাজশাহীর বিপক্ষে ময়মনসিংহ অলআউট হয়েছে ১৩৭ রানে এবং খুলনার সামনে ঢাকার ইনিংস থেমেছে ১৪৩ রানে। তবে পূর্বাচলে ছিল সম্পূর্ণ ভিন্ন গল্প। ইরফান সাবরি তাকরিরের দুর্দান্ত সেঞ্চুরিতে চট্টগ্রাম প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৩৭ রান নিয়ে।
পূর্বাচল জাতীয় ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের ভিত গড়ে চট্টগ্রাম। দলের হয়ে ব্যাট হাতে আলো ছড়ান তাকরির। ১৯৭ বলের ইনিংসে ১৫টি চার ও একটি ছক্কার সাহায্যে ১১৬ রান করেন তিনি। সাইফুল ইসলাম মোহিদের বলে জাহিদুজ্জামান খানের হাতে ক্যাচ দিয়ে থামার আগে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে। তাকরিরের পাশাপাশি শাহরিয়ার আহমেদ ৭৩ রান করেন। দিন শেষে শামীম মিয়া ৬৭ রানে অপরাজিত আছেন। সোহাগ ও জাকারিয়া মাসুদ নিয়েছেন দুটি করে উইকেট।
তাকরিরের ব্যাটে যখন ঐতিহাসিক টুর্নামেন্টের প্রথম দিনে সেঞ্চুরির দেখা মিলেছে, তখন সিলেটের জন্য দিনটি কেটেছে দুঃস্বপ্নের মতো। বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২২ ওভার ২ বলে ৩৮ রানে অলআউট হয়েছে তারা। দলের কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সিলেটের ব্যাটিং ধসিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রংপুরের আরিফ আহমেদ অনিক। তিনি নেন তিন উইকেট। সোহেল রানা, তাফসির আরাফাত তাসিব ও লিওন ইসলাম শিকার করেন দুটি করে উইকেট। পরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে ৬ উইকেটে ১২৮ রান করেছে রংপুর। সামস নিলয় ৪৫ রানে অপরাজিত আছেন। সিলেটের হয়ে মোজাক্কের হোসেন নিয়েছেন চার উইকেট।
বিকেএসপির ৪ নম্বর মাঠেও প্রথম দিনে ছিল বোলারদের আধিপত্য। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩৭ রানে থেমে যায় ময়মনসিংহের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মাজহারুল ইসলাম। রাজশাহীর নাঈম ইসলাম জুনিয়র মাত্র ৪ রান খরচ করে চার উইকেট নেন। রায়হান আলী ইকরাম ও শাহাদাত হোসেন সবুজ নেন তিনটি করে উইকেট। দিন শেষে রাজশাহীর সংগ্রহ ৩ উইকেটে ১২৫ রান। ওপেনার ইমন আলী ৫৬ রান করে দলের ইনিংস এগিয়ে নেন।
বিকেএসপির ২ নম্বর মাঠে ঢাকার বিপক্ষে বল হাতে দাপট দেখান খুলনার রবিউল ইসলাম রবি। ৫০ রানে রানে সাত উইকেট নেন তিনি। ফলে ঢাকা গুটিয়ে যায় ১৪৩ রানে। আইচ মোল্লা ২৬, দেবাশিষ সরকার ২৩ এবং মাহফুজ রাব্বি ২১ রান করেন। খুলনা দিন শেষে ৩ উইকেটে ১১৮ রান করেছে। সিয়াম হোসেন দিপু ৩৪ রান করেছেন। জাওয়াদ রোয়ান ৩৩ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।