ইউক্রেনজুড়ে রুশ হামলায় তিন শিশুসহ নিহত ২০

ইউক্রেনজুড়ে ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবারের এ হামলায় তিন শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন, শিল্প প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চলীয় প্রিলুকি শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তিন শিশুসহ অন্তত ৯ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটির কয়েকটি অংশ ধসে পড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভ, ওলেকসান্দ্রিয়া এবং ক্রেমেনচুকে মঙ্গলবার রাতের হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন। টেলিগ্রামে জেলেনস্কি বলেন, ‘এটি ছিল অন্যতম নিকৃষ্ট হামলা। মোট ৭০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার মধ্যে অনেকগুলো ব্যালিস্টিক। অন্যতম প্রধান নিশানা ছিল আমাদের জ্বালানি অবকাঠামো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা উচ্চ ক্ষমতাসম্পন্ন স্থল, সমুদ্র ও আকাশ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র এবং ড্রোন ব্যবহার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের সামরিক-শিল্প স্থাপনায় সমন্বিত হামলা চালিয়েছে। এই হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান ফায়ার পয়েন্টের বিভিন্ন কারখানা ও ডিপো।