যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ এএম

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ ঐতিহাসিক মাত্রায় বেড়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশটির ৪৭টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে প্রায় ৩ হাজার ৯০০টি হাম আক্রান্তের ঘটনা শনাক্ত হয়েছে। ভাইরাসটির সংক্রমণ বৃদ্ধির কারণে গত সোমবার নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল অঙ্গরাজ্যটিতে ৪ নভেম্বর পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেখানে ১০৯ জনের হাম শনাক্ত হয়েছে, যা ২০১৯ সালের প্রাদুর্ভাবের পর সর্বোচ্চ। পেনসিলভানিয়ায় তিন দশকেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হাম প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চলতি সপ্তাহে অঙ্গরাজ্যটিতে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। অঙ্গরাজ্য কর্র্তৃপক্ষ হাম-সম্পর্কিত পাঁচজনের মৃত্যুর কথা জানিয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তারা এই সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছেন এবং এখন পর্যন্ত মাত্র দুটি মৃত্যু নিশ্চিত করেছেন। দেশটির স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র আগস্টে দাবি করেছিলেন, পেনসিলভানিয়ায় হামজনিত মৃত্যুর ঘটনাগুলো ‘মনগড়া’।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে মূলত টিকা না নেওয়া জনগোষ্ঠীর মধ্যে হাম আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিতে অনীহা এবং ভুল তথ্যের কারণে শিশুদের টিকাদানের হার কমে গেছে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের হাম আক্রান্তদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। দক্ষিণ ক্যারোলাইনায় ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ছয় মাস ধরে চলা এক প্রাদুর্ভাবে প্রায় এক হাজার মানুষ আক্রান্ত হয়েছিল। ইউটাহ অঙ্গরাজ্যেও একটি চলমান প্রাদুর্ভাবে ২০২৫ সালের জুন থেকে এখন পর্যন্ত ৭২৪ জন আক্রান্ত হয়েছে।

হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। এ রোগে উচ্চমাত্রার জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে পানি পড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। রোগটি গুরুতর পর্যায়ে গেলে মস্তিষ্কে ফোলাভাব, নিউমোনিয়া এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। হাম আক্রান্ত কোনো ব্যক্তি কাশি বা হাঁচি দিলে খুব সহজেই সংক্রমণ ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে বের হওয়া ভাইরাসের কণাগুলো বাতাসে দুই ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। এগুলো বিভিন্ন পৃষ্ঠতলকেও দূষিত করতে পারে। যুক্তরাষ্ট্রের মাত্র ১০টি অঙ্গরাজ্যে কিন্ডারগার্টেনে ভর্তি শিশুদের টিকাদানের হার ৯৫ শতাংশে পৌঁছেছে। হাম যাতে সহজে ছড়িয়ে পড়তে না পারে, তা নিশ্চিত করতে এই মাত্রার রোগপ্রতিরোধ ক্ষমতা প্রয়োজন।

অধিকাংশ নাগরিককে টিকা দেওয়ার পর ২০০০ সালে যুক্তরাষ্ট্র থেকে হাম নির্মূল হয়েছে বলে ঘোষণা করা হয়েছিল। তবে বোস্টনের চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, চলতি বছরই যুক্তরাষ্ট্র হাম নির্মূলের সেই মর্যাদা হারাতে পারে। এই মর্যাদার অর্থ হলো, কোনো দেশে এক বছরের বেশি সময় ধরে রোগটির ধারাবাহিক সংক্রমণ ঘটেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত