ওটিটিতে নতুন পাঁচ সিনেমা

অক্টোবরের প্রথম সপ্তাহেই ওটিটি প্ল্যাটফর্মে যোগ হচ্ছে দেশি-বিদেশি বেশ কয়েকটি নতুন সিনেমা। ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে মুক্তি পাওয়া এসব ছবির মধ্যে আছে বাংলাদেশের সম্পর্কের গল্প, তামিল ভাষার স্পোর্টস অ্যাকশন, বলিউডের অনুসন্ধানী থ্রিলার এবং হলিউডের ক্রাইম থ্রিলার। এর মধ্যে অভিনয়শিল্পীদের কারণে দর্শকদের আগ্রহের কেন্দ্রেও রয়েছে কয়েকটি সিনেমা

হ্যাপিলি ম্যারিড

জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল এই ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। এটি কেয়া পায়েলের প্রথম ওটিটি কাজ এবং আরিফিন শুভর দীর্ঘ বিরতির পর বাংলাদেশি ওটিটিতে ফেরার কাজ।

সম্পর্ক ও দাম্পত্য জীবনের ছোটখাটো ভুল বোঝাবুঝি, প্রত্যাশা এবং একে অপরকে বোঝার চেষ্টাকে কেন্দ্র করে গল্পটি তৈরি। পরিচালক জানিয়েছেন, দর্শককে বিনোদন দেওয়ার পাশাপাশি নিজেদের সম্পর্ক নিয়েও ভাবাবে ছবিটি। এটি মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের সপ্তম সিনেমা। ছবিতে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তুষার খান ও দীপা খন্দকার। গতকাল মুক্তি পেয়েছে চরকিতে।

মানদাদি

আজ নেটফ্লিক্সে আসছে তামিল সিনেমা ‘মানদাদি’। সুরি, সুহাস ও মহিমা নাম্বিয়ার অভিনীত স্পোর্টস অ্যাকশন-ড্রামাটি পরিচালনা করেছেন মাথিমারান পুগাঝেন্দি। ছবির গল্প তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলের ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে।

প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। নির্মাতাদের হিসাবে বিশ্বব্যাপী আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়েছে। নেটফ্লিক্সে ছবিটি তামিলের পাশাপাশি হিন্দি, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় দেখা যাবে।

রিপোর্টিং লাইভ

আগামীকাল নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে পরিণীতি চোপড়া অভিনীত ‘রিপোর্টিং লাইভ’। ধ্রুব ত্রিপাঠী পরিচালিত এই থ্রিলারে পরিণীতিকে দেখা যাবে একজন অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে। একটি গুরুত্বপূর্ণ সূত্র অনুসরণ করতে গিয়ে তিনি ও তার ক্যামেরাম্যান অবৈধ বালু উত্তোলন চক্রের ভয়ংকর জগতের মুখোমুখি হন।

সাংবাদিকতার অনুসন্ধান কীভাবে অপরাধীদের স্বার্থের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে, সেটিই গল্পের মূল আকর্ষণ।

অ্যানিমালস

৯ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমালস’। বেন অ্যাফ্লেক পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন। তার সঙ্গে রয়েছেন কেরি ওয়াশিংটন। গল্পে লস অ্যাঞ্জেলেসের একজন মেয়র প্রার্থী ও তার স্ত্রীকে ঘিরে তৈরি হয়েছে সংকট। তাদের ছেলে অপহৃত হওয়ার পর মুক্তিপণের অর্থ জোগাড় করতে গিয়ে দুজন এমন এক প্রতারণার জালে জড়িয়ে পড়েন, যেখানে একের পর এক গোপন তথ্য সামনে আসে।

ইপিক

৯ অক্টোবরের ওটিটি তালিকায় রয়েছে তেলুগু সিনেমা ‘ইপিক’। একই দিনে ‘Mandaadi, Reporting Live’ ও ‘Animals’-এর মতো সিনেমার সঙ্গে এটি Netflix-এর সাপ্তাহিক নতুন কনটেন্টের অংশ হচ্ছে। অক্টোবরের প্রথম সপ্তাহ দর্শক দারুণ সব কনটেন্ট উপভোগ করতে পারবেন ওটিটিতে। স্পোর্টস অ্যাকশন, অনুসন্ধানী সাংবাদিকতা ও ক্রাইম থ্রিলার, বিভিন্ন স্বাদের সিনেমা থাকছে। ফলে দেশি সিনেমার পাশাপাশি ভারতীয় ও হলিউডের নতুন ছবিও দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে।