বলিউডে এক দশকের দীর্ঘ যাত্রা পূর্ণ করলেন অভিনেত্রী দিশা পাটানি। ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে হিন্দি সিনেমায় পা রাখা এই অভিনেত্রী নিজের এই ১০ বছরকে দেখছেন এক রোমাঞ্চকর সফর হিসেবে। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কোনো নির্দিষ্ট ইমেজে বন্দি থাকতে রাজি নন তিনি; বরং ঝুঁকি নিয়ে নিজেকে প্রতিনিয়ত নতুন চরিত্রে ভাঙতে চান দিশা।
প্রথম দিনের স্মৃতি স্মরণ করে দিশা জানান, কাজের শুরুটা হয়েছিল একদম শূন্য থেকে। শুটিং সেটের কাজের আবহ, ক্যামেরার মুখোমুখি হওয়া কিংবা চরিত্র বুঝে পরিচালকের নির্দেশনা নেওয়া, সবকিছুই ছিল তার কাছে একেবারেই নতুন। ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে শুধু অনুভূতির ওপর ভর করে অভিনয় করলেও, অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে অভিনয়ের সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে শিখেছেন তিনি। এখন নিজের দক্ষতার ওপর ভরসা ও আত্মবিশ্বাস, দুটোই বেড়েছে তার।
তবে এই আত্মবিশ্বাসকে কোনোভাবেই আত্মতুষ্টিতে রূপ দিতে চান না দিশা পাটানি। তার মতে, কোনো চরিত্র রূপায়ণের ক্ষেত্রে অজানা চ্যালেঞ্জ আর শঙ্কাটাই অভিনয়কে রোমাঞ্চকর করে তোলে। কাজের প্রতি সেই কৌতূহল ও শেখার আগ্রহটা হারিয়ে ফেলাকেই নিজের সবচেয়ে বড় ভয় বলে মনে করেন তিনি।
সামনের দিনগুলোতে চরিত্রকেন্দ্রিক ও শারীরিক অবয়ব কিংবা গ্ল্যামারের চেয়ে মনস্তাত্ত্বিক গভীরতা রয়েছে, এমন গল্পে কাজ করতে চান এই অভিনেত্রী। বিশেষ করে মনস্তাত্ত্বিক ড্রামা, অ্যাকশন ও থ্রিলারধর্মী চলচ্চিত্রে জটিল চরিত্রে নিজেকে প্রকাশের প্রতি তার আগ্রহ বেশি।
পরবর্তী দশকের পরিকল্পনা নিয়ে দিশা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আর কোনো নির্দিষ্ট ঘরানা বা ইমেজে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না। বিভিন্ন ভাষার সিনেমা ও ভিন্ন ধাঁচের পরিচালকদের সঙ্গে কাজ করে আগামী দিনে আরও বেশি ঝুঁকি নেওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছেন বলিউডের এই গ্ল্যামার কন্যা।
সূত্র : হিন্দুস্তান টাইমস।