অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনার ‘প্রিন্সেস’

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ এএম

উৎসবে প্রশংসা কুড়ানোর ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ার দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে আসিফ ইসলাম পরিচালিত সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। ছবিটির মূল আকর্ষণ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

উৎসব দুটি হলো ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি’ এবং ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ’। ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চলবে সিডনির চার দিনব্যাপী উৎসব। অন্যদিকে ১২ থেকে ১৫ নভেম্বর আয়োজিত হবে পার্থের উৎসবটি। ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে এই আয়োজনে।

বাস্তব প্রেক্ষাপট ও দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালার ক্রমাবনতি ঘিরে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। যেখানে দেখা যায়, দর্শকের চাহিদার চাপে মূল যাত্রার চেয়ে ‘প্রিন্সেস রোজী’ নামের এক নৃত্যশিল্পী হয়ে ওঠে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। কেন্দ্রীয় এই চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন ভাবনা। চরিত্রটির নিখুঁত রূপায়ণে তাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল। সিনেমায় ভাবনার চরিত্রটি বাদে বাকি প্রায় সব অভিনয়শিল্পীই যাত্রা দলের বাস্তব জীবনের শিল্পী।

উল্লেখ্য, দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও ইতিমধ্যে বিখ্যাত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কাজান উৎসব এবং মেলবোর্নে সিনেমাটি প্রদর্শিত হয়ে বেশ প্রশংসিত হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত