‘মেসির মতো বিদায় রোনালদোরও প্রাপ্য’ 

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। লম্বা সময় ধরে এই দুইজন ফুটবলকে যেভাবে মাতিয়ে রেখেছেন তা ভোলার মতো নয়। তবে ক্যারিয়ারের একেবারে পড়ন্ত বিকেলে এসে ইতিহাসের এই দুই মহাতারকার বিদায়ের চিত্রপটে দেখা মিলল সম্পূর্ণ বিপরীত দুটি ধারার। একদিকে লিওনেল মেসি মনুমেন্তালে স্টেডিয়ামে কোটি ভক্তের ভালোবাসা, সতীর্থদের আলিঙ্গন আর রাজকীয় উদযাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন; অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল অধ্যায় শেষ মুহূর্তটা এখন ঘোর অনিশ্চয়তায়।

ইতিহাসের দুই ধূমকেতুর এমন বৈপরীত্য দেখেই ব্যথিত হয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার গ্যারি লিনেকার। তার মতে, সর্বকালের অন্যতম সেরা এই পর্তুগিজ ফরোয়ার্ডের বিদায়টাও মেসির মতো জাঁকজমকপূর্ণ ও সুন্দর হওয়া উচিত।

সম্প্রতি কোচ হোর্হে জেসুসের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে হুট করে পর্তুগাল শিবির ছেড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন রোনালদো। নিজের এই আকস্মিক ও বিতর্কিত বিদায়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে একটি দীর্ঘ বিবৃতিও প্রকাশ করেন তিনি। 

বিদায়ী মঞ্চে নিজের অবয়বের ড্রোন শো উপযোগ করছেন মেসি, ছবি: সংগৃহীত

ঠিক তার উল্টো পিঠেই দেখা গেল ভিন্ন এক দৃশ্য। আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে মাঠে নেমে জোড়া অ্যাসিস্ট ও এক গোল করে রাজকীয়ভাবে আকাশি-সাদা জার্সিকে চিরবিদায় জানান ৩৯ বছর বয়সী মেসি। তার বিদায়ী ম্যাচকে ঘিরে ছিল মহা আয়োজন। নামটা যখন ছিল লিওনেল মেসি, তখন এমন আয়োজন তো প্রাপ্যই ছিল। তারই সূত্র ধরে লিনেকার দাবি এমন রাজকীয় বিদায় হোক রোনালদোরও।

লন্ডনের স্টামফোর্ড ব্রিজে মর্যাদাপূর্ণ ‘লিডার্স উইক’ স্পোর্টস ইন্ডাস্ট্রি কনফারেন্সে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোনালদোর বিদায়ের এই তিক্ততা নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেন লিনেকার। রোনালদোর বর্তমান পরিস্থিতি ও তার ক্যারিয়ারের মূল্যায়ন করে তিনি বলেন, ‘বিষয়টি কিছুটা দুঃখজনক বলেই আমার মনে হয়, কারণ তিনি এতটাই দুর্দান্ত এক খেলোয়াড়। এবং শেষ পর্যন্ত পাঁচ বা দশ বছর পর কেউ এই ঘটনার কথা মনে রাখবে না। আমরা শুধু মনে রাখব তিনি কতটা মহান ছিলেন।’ 

মেসির বিদায় অনুষ্ঠানের জাদুকরী মুহূর্তগুলোর সঙ্গে তুলনা টেনে সিআরসেভেনের জন্যও একই ধরনের সম্মানজনক বিদায়ের পক্ষে জোরালো মন্তব্য করেন এই ইংলিশ কিংবদন্তি। এসব নিয়ে লিনেকার আরও বলেন, ‘তবে আমি মনে করি, আপনি যদি মেসির বিদায়ের দিকে তাকান, তা ছিল ভীষণ সুন্দর। আর আমি বিশ্বাস করি, ক্রিস্টিয়ানোও ঠিক একই রকম বিদায় পাওয়ার যোগ্য।’ 

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলের রেকর্ডবুক নিজেদের দখলে রাখা মেসি ও রোনালদো ব্যালন ডি’অর থেকে শুরু করে সর্বকালের সেরার মুকুটের লড়াইয়ে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তীব্র প্রতিযোগিতায় মেতে ছিলেন। যেখানে মেসির আটটি ব্যালন ডি’অরের বিপরীতে রোনালদোর ঝুলিতে রয়েছে পাঁচটি। তবে অর্জন, ইতিহাস আর তর্কের খাতিরে যেই এগিয়ে থাকুক না কেন সম্মানটা এমন সব মহাতারকারা যে আক্ষরিক অর্থেই প্রাপ্য, সেটিই যেন বোঝানোর চেষ্টা করলেন লিনেকার।