চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং ও ইপিজেড থানা এলাকায় ৯ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা ও বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরীর ধনিয়ালাপাড়া এলাকার বাসিন্দা মাছুম এবং নগরীর কলসির দীঘির পাড় ওয়াসীম চৌধুরীপাড়ার তামান্না ও নগরীর ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার বাসিন্দা মো. খলিল। তারা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানার শ্রমিক।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ডবলমুরিং থানার ডি টি রোডের ধনিয়ালাপাড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মাছুম গুরুতর আহত হন। সিরাজুল ইসলাম নামের এক পথচারী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদুর্ঘটনার ঠিক সাড়ে ৯ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিইপিজেডের ৫ নম্বর রোডে আরেকটি দুর্ঘটনা ঘটে। একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কারখানা শ্রমিক তামান্না ও মো. খলিল গুরুতর আহত হন। ‘স্মার্ট জ্যাকেট’কারখানার সুপারভাইজার ছোটন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদের চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।