ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

একই সঙ্গে তিনি মা ইলিশ রক্ষায় জেলেদের পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতারাসহ সকল স্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পদ্মা নদী সংলগ্ন মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি এলাকার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে জেলে পরিবারের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান  মৎস প্রতিমন্ত্রী।

ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি ছোট ইলিশ যদি ডিম ছাড়তে সুযোগ পায়, তা থেকে প্রায় ২ লাখ ইলিশ মাছ হওয়ার সম্ভাবনা থাকে। আর বড় ইলিশ থেকে ২০ লাখেরও বেশি ডিম পাওয়া সম্ভব।

জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে অভিযানের এই ২২ দিন জনপ্রতি ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এই ২২ দিন একটু কষ্ট হলেও পরবর্তীতে নদীর ইলিশ আপনাদেরই, আপনারাই ধরবেন। তাই জেলে সম্প্রদায়ের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কেউ এই সময়ে নদীতে জাল ফেলবেন না।

প্রধানমন্ত্রী সকল দিক থেকে দেশকে একটি সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত করতে চান। তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বলে যোগ করেন মৎস প্রতিমন্ত্রী।

​মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেত্রী নাদিরা আক্তারসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।