রাজবাড়ীতে একটি ডোবা থেকে রোহান চৌধুরী নামে শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে বাড়ির অদূরে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম রোহান চৌধুরী (২১)। তিনি একই গ্রামের ফরহাদ চৌধুরীর ছেলে। রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের পরিবারের সূত্রে জানা যায়, ৫ দিন আগে রোহান নিখোঁজ হয়। প্রথমে তাকে খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ বিকেলে নিহত রোহানের মামাতো ভাই মিনহাজ বাড়ির অদূরে একটি ডোবায় একটি বস্তা ভাসতে দেখে। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহটি রোহানের বলে নিশ্চিত করে। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছিল। এরপর থেকে পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করে। আজ মরদেহটি পাওয়া গেছে। নিহতে পেটে কাটা দাগ পাওয়া গেছে। মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।