জাতীয় কুস্তি রেফারিস ট্রেনিং কোর্স শুরু

দেশের কুস্তি রেফারিদের দক্ষতা ও মান উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্স’। বাংলাদেশ অ্যামেচার রেসলিং   ফেডারেশনের আয়োজনে শুক্রবার জাতীয় স্টেডিয়ামে ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সভাকক্ষে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। কোর্সে দেশের বিভিন্ন জেলা ও ক্রীড়া সংস্থার পাশাপাশি সাবেক ও বর্তমান সিনিয়র কুস্তি খেলোয়াড়দের মধ্য থেকে  মোট ৩৬ জন অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ৯ জন নারী।

প্রশিক্ষণ কোর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজি আশরাফ আলী, তামজীদ রহমান, বাংলাদেশ পুলিশের মিজানুর রহমান এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মিজানুর রহমান। কোর্সের প্রথম দিনে কুস্তি খেলার বিভিন্ন টেকনিক্যাল বিষয়ের ওপর তাত্ত্বিক ক্লাস অনুষ্ঠিত হয়। আগামী দুদিনেও রেফারিদের দক্ষতা ও জ্ঞান বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম চলবে। সকালে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার  রেসলিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ান রহমান। এ সময়  ফেডারেশনের সিনিয়র সহসভাপতি হাসানুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সহসাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মোবিন, কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকীসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের কুস্তি অঙ্গনে দক্ষ ও প্রশিক্ষিত রেফারি তৈরির পাশাপাশি প্রতিযোগিতা পরিচালনায়  পেশাদারত্ব বাড়াতে এ প্রশিক্ষণ কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।