ডারবান টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম ঘণ্টায় দুই ওপেনার নিক ম্যাডিনসন ও ট্রাভিস হেডকে হারানোর পর আরও কয়েকজন ব্যাটার উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। এর মধ্যে ১০ বছর পর টেস্টে ফেরা ম্যাডিনসন ৩৩ বলে খেলে শূন্য রানে আউট হন।
তবে ম্যাট রেনশ ও প্যাট কামিন্সের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সফরকারীরা। আলোকস্বল্পতার কারণে গতকাল প্রথম দিনের খেলা আগেভাগে শেষ হয়। দিন শেষে ৬৫ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৮৭ রান।
দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত পেস আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। এমন পরিস্থিতিতে রেনশ ও কামিন্সের জুটি দলকে লড়াইয়ে ফেরার আশা দেখাচ্ছে। ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারির পর দক্ষিণ আফ্রিকায় এটিই অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। ওই ঘটনায় এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া স্টিভেন স্মিথও এবারের সফরে অস্ট্রেলিয়া দলে রয়েছেন।