দেশে ফিরল তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ

ডিজিটাল নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক এবং ডিজিটাল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ কফিনবন্দি হয়ে দেশে পৌঁছেছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে যুক্তরাজ্য থেকে একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে তার পরিবারের সদস্য এবং দীর্ঘদিনের সহকর্মীরা অশ্রুসিক্ত নয়নে কফিনটি গ্রহণ করেন।

দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বেলা ৩টায় সেখানেই তার জানাজা হবে।

বিকাল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী।

ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।