সিলেট সদর উপজেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ দেওয়ার পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও সহায়তা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আগ্রহীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। ব্যবসার ভালো পরিকল্পনা থাকলে ক্ষুদ্র পুঁজির জন্যও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কেএএফসিও) করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এই অনুদান দেওয়া হয়।
মন্ত্রী জানান, খাদিমনগর এলাকার তরুণ সাইদুল প্রথমে কৃত্রিম অঙ্গ প্রয়োজন এমন ব্যক্তিদের একটি তালিকা তার কাছে দেন। পরে শিল্প মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনার পর কেএএফসিওর সিএসআর কর্মসূচির আওতায় উদ্যোগটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।
অনুদানের অর্থ ছাড়ের বিষয়ে মন্ত্রী বলেন, সরবরাহকারী প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী কৃত্রিম অঙ্গ তৈরি করে দেবে। উপকারভোগীরা তা বুঝে পাওয়ার পর প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের অর্থ ছাড় করা হবে। পরে সেবা বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে প্রতিষ্ঠানটিই তা নিশ্চিত করবে।
উপকারভোগীদের মধ্যে শিক্ষার্থী যেমন আছেন, তেমনি আছেন স্কুটার বা ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন এমন ব্যক্তিরাও। কৃত্রিম অঙ্গ তাদের দৈনন্দিন চলাফেরা ও কাজকর্মে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, আগ্রহীদের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বা এসএমই-সংক্রান্ত কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ তৈরির চেষ্টা করা হবে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কেএএফসিওর চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, অনুদানপ্রাপ্ত ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।