নীলফামারীতে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নীলফামারী সদরে লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানকে (৬২) সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

আমিনুর রহমান লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে ও লক্ষ্মীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর রাতে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে গোপন বৈঠক ও লিফলেট বিতরণের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলার এজাহারে আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আসামি করা হয়। সেখানে লিফলেট, লোহার রড ও বাঁশের লাঠি উদ্ধারের কথাও উল্লেখ রয়েছে।

সেই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শনিবার দুপুরে তাকে ইউনিয়ন পরিষদ থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।