নির্মাতা বড়ুয়া মনোজিত ধীমন বড় পর্দার জন্য নির্মাণ করছেন বাণিজ্যিক অ্যাকশনধর্মী নতুন সিনেমা ‘গোয়েন্দা’। এনআই মাল্টিমিডিয়া এর ব্যনারে ছবিটি প্রযোজনা করছেন মো: নজরুল ইসলাম। সম্প্রতি একজন গোয়েন্দা ও এক জুটির রোমান্টিক আবহ ফুটিয়ে তুলে সিনেমাটির আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ করা হয়েছে। বর্তমানে কিশােরগঞ্জে সিনেমাটির প্রথম লটের দৃশ্যধারণের কাজ পুরোদমে এগিয়ে চলছে।
‘গোয়েন্দা’ চলচ্চিত্রের অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটি জুটি। তবে গল্পের চমক ও দর্শকদের আগ্রহ ধরে রাখতে কেন্দ্রীয় জুটির পরিচয় এখনই প্রকাশ না করে একধরনের গোপনীয়তা বজায় রেখেছে নির্মাতা। সিনেমাটিতে একাধিক জনপ্রিয় শিল্পীও অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন পরিচালক।
বড়ুয়া মনোজিত ধীমন জানান, চিত্রনাট্যের স্বার্থেই আপাতত শিল্পীদের নাম ঘোষণা করা হচ্ছে না এবং বড় আয়োজন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিতব্য এই চলচ্চিত্রটি আসন্ন পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে দ্রুত কাজ চলছে। প্রযোজনা সূত্রে জানা গেছে, প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পর সিনেমাটির পরবর্তী অংশের দৃশ্যধারণ রাজধানী ঢাকা এবং দেশের বাইরের বেশ কিছু মনোরম লোকেশনে সম্পন্ন করা হবে।