কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে মাহমুদ আলম সরকার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদক কারবারি এবং বহুল আলোচিত এরশাদ হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের সরকার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল। গ্রেপ্তার মাহমুদ আলম সরকার ওই গ্রামের মৃত মুরশিদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায়, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় এবং বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ এলাকা বি-চাপিতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম জানান, মাহমুদ আলম সরকার এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। এ ছাড়া তিনি চাঞ্চল্যকর ও বহুল আলোচিত এরশাদ হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম আসামি।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।