কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর এলাকার বেড়িবাঁধের ওপর বাবুল মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক হোসেন উপজেলার গুঞ্জর, বটতলী এলাকার মৃত মহুরম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মো. মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ফারুক হোসেনের কাছ থেকে ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
স্থানীয়দের দাবি, ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি কারাভোগের পর এলাকায় ফিরে তিনি আবারও মাদক ব্যবসা শুরু করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার ফারুক হোসেনকে শনিবার (১০ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।