বোন, বান্ধবীসহ ছাড়া পেলেন ইমরান খান

আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জায়েন মারি খান। মুক্তির পর আটকের অভিজ্ঞতা তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।বাড়ি ফেরার পথেও ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছেন লেখা। শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের বাইরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন ইমরান, লেখা ও জায়েন। তাদের সঙ্গে কর্মসূচিতে যোগ দেন আরও অনেকে। 

বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিক্ষোভের কয়েকটি ভিডিও। সেখানে দেখা যায়, ইমরান ও তার সঙ্গীদের টেনেহিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে। পরে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। মুক্তি পাওয়ার পর ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে লেখা জানান, তারা নিরাপদে আছেন। পরে আরেকটি ভিডিওতে দেখা যায়, বাড়িতে ফিরে তিনজন একে অপরকে জড়িয়ে ধরেছেন। 

তবে মুক্তি পেলেও পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লেখা। তার অভিযোগ, বাড়ি ফেরার জন্য ট্যাক্সি নিতে দেওয়া হয়নি তাদের। এমনকি ট্যাক্সিচালকদেরও পুলিশ হুমকি দিচ্ছিল বলে দাবি করেন তিনি।আটকের সময়ের বিভিন্ন ঘটনা ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরেন জায়েন। তার দাবি, কেন তাদের আটক করা হয়েছে, তা জানতে চাইলেও পুলিশের কাছ থেকে কোনো উত্তর পাননি তারা। ইয়োলো গেট থানার কর্মকর্তারাও এ বিষয়ে কিছু জানাননি।ইমরানের অভিযোগ, তাদের তিনজনকে পুলিশের ভ্যানে করে প্রায় দুই ঘণ্টা ঘোরানো হয়েছে। অথচ কেন তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানানো হয়নি।