পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন মাওলানা নাসরুল্লাহ। স্বজনদের আশা ছিল, ইবাদত শেষে সুস্থভাবে বাড়ি ফিরবেন তিনি। তবে সেই আশা আর পূরণ হলো না। সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়ার পর তার মৃত্যুর খবর পৌঁছেছে দেশে। স্ত্রী ও তিন শিশুসন্তানকে রেখে বিদেশের মাটিতেই শেষ হলো তার জীবন।
নাসরুল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া গ্রামের ওলামা বাড়ির বাসিন্দা। তিনি মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে এবং ঢালুয়া জামিয়া রবিউল উলুম ইসলামিয়া মাদরাসার শিক্ষা সচিব ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার (১০ অক্টোবর) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের রিয়াদে যান নাসরুল্লাহ। সেখান থেকে মক্কায় যাওয়ার পথে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় তিনি আহত হন। পরে তার মৃত্যুর খবর পায় পরিবার।
গতকাল শনিবার (১১ অক্টোবর) বিকেল চারটার দিকে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।
নাসরুল্লাহর পরিবারে রয়েছেন স্ত্রী মাহহুবা, সাত বছরের ছেলে জামিল, পাঁচ বছরের মেয়ে নাবিলা ও দুই বছরের ছেলে জায়ায। এ ছাড়া তার বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ ও মা জাহানারা বেগম রয়েছেন। বাবার মৃত্যুর খবর বুঝে ওঠার আগেই তিন শিশুর জীবনে নেমে এসেছে গভীর অনিশ্চয়তা। স্বজনেরা এখন অপেক্ষা করছেন প্রিয়জনের মরদেহ দেশে ফেরার।
নাসরুল্লাহর বড় বোনের স্বামী মাওলানা নাছির উদ্দীন বলেন, শুক্রবার সকালে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান তিনি। শনিবার বিকেলে আমরা তার মৃত্যুর খবর পাই। আমরা তার মরদেহ দেশে এনে পারিবারিকভাবে দাফন করতে চাই। এ জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।
এদিকে নাসরুল্লাহর মৃত্যুর খবর শুনেছেন বলে জানিয়েছেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান। তিনি বলেন, বিষয়টি শুনেছি। পরিবারের সঙ্গে যোগাযোগ করে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।
পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন নিয়ে যে মানুষটি দেশ ছেড়েছিলেন, তার আর জীবিত ফিরে আসা হলো না। এখন স্বজনদের চাওয়া, শেষবারের মতো প্রিয় মানুষটির মুখ দেখা এবং দেশের মাটিতে তাকে পারিবারিকভাবে দাফন করা।