ভারতের মণিপুর রাজ্যের পাহাড়ি জেলাগুলোয় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া সহিংসতায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ সময় ৩০টি বাড়ি ও দোকানে আগুন দেওয়া হয়। রাজ্যটির মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গতকাল রবিবার বৈঠক করেছেন। রাজ্যে শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার রাতে কামজং জেলার চাসাদ গ্রামে সশস্ত্র গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে কথিত গোলাগুলির ঘটনায় কুকি নারী ডমখোনেই তোথাং নিহত হলে সহিংসতার সূত্রপাত হয়। পুলিশের ভাষ্য, চাসাদ গ্রামে অবৈধ বাংকার উচ্ছেদ করতে মণিপুর পুলিশ, ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি) ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের যৌথ অভিযানের সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জবাবে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। সেদিন রাতেই পরিস্থিতির আরও অবনতি ঘটে। পরে সশস্ত্র গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে আবারও গোলাগুলি হয়। কুকি উইমেন ইউনিয়নের দাবি, এ ঘটনায় ২৩ বছর বয়সী মাইকেল গামিনলেন হাওকিপ নামে এক তরুণও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ হত্যাকাণ্ডের জন্য নাগা বিদ্রোহীদের দায়ী করেছে সংগঠনটি।