খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

খুলনা নগরীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লেগে আলভী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) গভীর রাতে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলভী খুলনার খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর রোডের বাসিন্দা বাবুল আক্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জোড়াগেট প্লেনের পাশে নিয়ন্ত্রণ হারায় আলভী। এ সময় মোটরসাইকেলটি ইটের দেয়ালে ধাক্কা খেলে মাথায় গুরুতর আঘাত পায় সে।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রবিবার গভীর রাতে খুলনার জোড়াগেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।