এবার খুলশি থানার সেই ওসি রহিমকে খুলনায় বদলি

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সমালোচনার জেরে নগর বিশেষ শাখায় বদলির পর খুলশি থানার সাবেক ওসি আবদুর রহিমকে এবার খুলনার পুলিশ প্রশিক্ষণ  কেন্দ্রে বদলির আদেশ দিয়েছে সদর দপ্তর। গত ৮ অক্টোবর পুলিশ সদর দপ্তর বদলির ওই আদেশ জারি করলেও নথিটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরে  পৌঁছানোর পর বিষয়টি জানাজানি হয় আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে। 

পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, জনস্বার্থে  মোহাম্মদ আবদুর রহিমকে খুলনা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে। আদেশ অনুযায়ী, তাকে ১০ অক্টোবরের মধ্যে সিএমপি থেকে মুক্তির আদেশ নিতে হবে। অন্যথায়, ১১ অক্টোবর থেকে তাকে মুক্তিপ্রাপ্ত বলে গণ্য করা হবে।

এর আগে গত মঙ্গলবার রাতে নগর স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা এবং ২৩ মামলার আসামি ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার করতে একদল পুলিশ সেখানে অবস্থান নেয়। 

কিন্তু সিসিসি মেয়রের দাবি, তার দপ্তরে বগা যাননি। গিয়েছিলেন তার (বগা) দুইভাই।  এরপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন  তোলার কয়েক ঘণ্টা পরেই খুলশি থানার ওসিকে নগর বিশেষ শাখায় বদলির আদেশ জারি করেছিলেন মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। 

জানা গেছে, গত মঙ্গলবার  মেয়র ওয়াকিল হোসেনকে  গ্রেপ্তারের ঘটনায় পুলিশের সমালোচনা করেন। পরদিন মেয়র শাহাদাত তৎকালীন খুলশী থানার ওসি আবদুর রহিমের তীব্র সমালোচনা করে ওয়াকিল হোসেনকে ‘জুলাই যোদ্ধা’ আখ্যা  দেন। পুলিশ জানিয়েছে, ওয়াকিল, যিনি বোকা বা বিহারী বোকা নামেও পরিচিত, তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক সংক্রান্ত অপরাধ এবং মারধরের অভিযোগসহ ২৩টি মামলা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত