হাজীগঞ্জে ভূমি কর্মচারী সাময়িক বরখাস্ত

ঘুষ নেওয়ার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মনকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। রবিবার (১১ অক্টোবর) চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এতথ্য জানানো হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।

অফিস আদেশে জানানো হয়, ৭ অক্টোবর ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে ‘হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন’ শিরোনামে সংবাদ ও ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। ওই ভিডিওতে ভূমি অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মনকে সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে গুনে গুনে টাকা নিতে দেখা গেছে।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়, ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়কের সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। সরকারি দায়িত্ব পালনকালে এ ধরনের কর্মকাণ্ড দুর্নীতিপরায়ণতার শামিল। এঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী দুর্নীতিপরায়ণতার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ ১১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

এছাড়া অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের লক্ষ্যে অভিযোগ বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর জন্য হাজীগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মো. ওমর সানী আকন জানান, জেলা প্রশাসকের নির্দেশে আমি বিষয়টি ক্ষতিয়ে দেখছি। জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।