হাজীগঞ্জে নেশাগ্রস্ত যুবকের এক বছরের কারাদণ্ড

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আবু সালেহ রিমন (৩০) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার ৮ নম্বর পূর্ব হাটিলা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত রিমন ওই এলাকার মো. সাকির হোসেন কিরনের ছেলে। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় নেশাগ্রস্ত অবস্থায় এক প্রতিবেশীকে ধারালো ছুরি দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে রিমনকে আটক করা হয়। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ, সাক্ষ্য গ্রহণ, অভিযুক্তের স্বীকারোক্তি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার বিধান লঙ্ঘন করে জনশান্তি বিনষ্টের দায়ে তাঁকে এ সাজা দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ও রিমনের বাবার ভাষ্য অনুযায়ী, দুবাই ও কাতারে প্রবাসজীবন শেষে দেশে ফেরার পর প্রায় এক বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। এ কারণে অতিষ্ঠ হয়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান।

এছাড়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত থাকার পাশাপাশি যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাবার কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আঁধারে বাড়িতে নিয়মিত মাদকের আসর বসাতেন রিমন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও প্রায়ই অশান্তি সৃষ্টি হতো।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন জানান, এলাকায় মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত