প্রেমের মাঠেও ভিনিসিয়ুসের বিচ্ছেদ

সান্তিয়াগো বার্নাব্যুতে লাল কার্ডের খড়্গ মাথায় নিয়ে মাঠ ছাড়ার পর থেকেই ভীষণ খারাপ সময় পার করছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। মাঠে মেজাজ হারিয়ে এবং ভিএআর কলে লাল কার্ড দেখার পর সম্ভাব্য দুই ম্যাচের নিষেধাজ্ঞার খাঁড়া ঝুলছে তার মাথার ওপর। এতে আসন্ন এল ক্লাসিকো মিস করার শঙ্কাও তৈরি হয়েছে তার। 

তবে মাঠে শৃঙ্খলাভঙ্গের এই ধাক্কা সামলানোর আগেই ব্যক্তিগত জীবন থেকেও এল আরও এক দুঃসংবাদ। প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে আবারও বিচ্ছেদ ঘটেছে এই ফরোয়ার্ডের।

ভিনিসিয়ুস ও ব্রাজিলীয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়ার সম্পর্কের টানাপোড়েন এবারই নতুন নয়। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই সম্পর্কে এর আগে গত মে মাসে একবার বিচ্ছেদ হয়েছিল। পরবর্তীতে জুলাইয়ে তারা আবার কাছাকাছি এলেও তিন মাস না পেরোতেই আবারও সম্পর্কে ছেদ টানলেন এই জুটি। 

সাম্প্রতিক সময়ে ভিনিকে ছাড়াই ভার্জিনিয়ার মায়ামি সফর নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও, পরবর্তীতে জানানো হয়েছিল যে কেবল সন্তানদের সময় দিতেই সাবেক স্বামীর সাথে সেই ভ্রমণ করেছিলেন তিনি। তবে এবার আর কোনো গুঞ্জন বা লুকোচুরি নয়, খোদ ভার্জিনিয়ার দপ্তর থেকেই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ইতি টানার ঘোষণা দেওয়া হয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্ট’ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ব্রাজিলীয় সংবাদমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভার্জিনিয়ার দপ্তর তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে। সেই বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ভার্জিনিয়া ও ভিনি জুনিয়র আর একসঙ্গে নেই। তাদের মধ্যে কোনো ঝগড়া বা বিবাদ হয়নি। শুধু পারস্পরিক সম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন যে তাঁরা আর প্রেমের সম্পর্কে থাকতে চান না।’ 

ব্যক্তিগত জীবনের এই বিচ্ছেদের বিষাদ কাটিয়ে ওঠার আগেই মাঠেও বড় ধরণের মাশুল গুনতে হতে পারে রিয়ালের এই ২৫ বছর বয়সী উইঙ্গারকে। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে নাথান সালিবার চুল টেনে লাল কার্ড দেখার পাশাপাশি ম্যাচ অফিশিয়ালের দিকে 'আক্রমণাত্মকভাবে তেড়ে যাওয়ার' কথা রেফারির মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লা লিগার নিয়ম অনুযায়ী, সাধারণ লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকলেও রেফারির সাথে বাজে আচরণের কারণে তার শাস্তির মেয়াদ বৃদ্ধি পেয়ে দুই ম্যাচে গিয়ে ঠেকতে পারে।

এমনটি হলে ঘরোয়া লিগে আগামী ১৯ অক্টোবর সেভিয়ার বিপক্ষে তো বটেই, ২৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে প্রতীক্ষিত 'এল ক্লাসিকো'তেও ডাগআউটে বসে থাকা ছাড়া উপায় থাকবে না এই ব্রাজিলিয়ান তারকার।