রিয়াদে টানা তৃতীয় দিনের মতো হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরব-নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের সামরিক বাহিনী আকাশেই ধ্বংস করেছে। এ নিয়ে হুথি বিদ্রোহীরা টানা তৃতীয় দিনের মতো রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। খবর আল-জাজিরা

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, হুথিরা রিয়াদ অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

তিনি জানান, তিনটি ক্ষেপণাস্ত্রই ‘আকাশে প্রতিহত ও ধ্বংস’ করা হয়েছে।

রিয়াদের বাসিন্দারা জানান, সোমবার (১৩ অক্টোবর) রাতে বিমান হামলার সতর্কবার্তা জানিয়ে ফোনে টেক্সট মেসেজ পাওয়ার পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে হুথিরা জানিয়েছে, রিয়াদে তাদের মূল লক্ষ্যবস্তু ছিল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, পবিত্র মক্কা ও মদিনা শহর ব্যতীত সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা না করতে তিনি আন্তর্জাতিক বিমান সংস্থা ও যাত্রীদের প্রতি পুনরায় সতর্কবার্তা জারি করে বলেন, ওইসব অবকাঠামো এখন "অনিরাপদ"।

গত শনিবারে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার পর বিমানবন্দরটি এখনও বন্ধ রয়েছে। এই অবস্থায় নতুন করে আবার হামলা চালানো হল। এর আগে রবিবারের আরেকটি হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত হন।