ধানমন্ডিতে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ অনেকে

রাজধানীর ধানমন্ডির ফরচুন স্কয়ার কনভেনশন হলে বিয়ের দাওয়াত খেয়ে শতাধিক ব্যক্তির ডায়রিয়ার মতো লক্ষণ দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির বিয়ের অনুষ্ঠানে অন্তত তিন শতাধিক অতিথি অংশ নেন। অভিযোগ অনুযায়ী, ওই রাতেই অতিথিদের অনেকে পেটব্যথা ও বমির সমস্যায় ভুগতে শুরু করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা খাদ্য অধিদপ্তরে অভিযোগ দিয়েছেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, বিয়ের খাবার খাওয়ার পর গাড়িচালকসহ সাতজন একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন। তাদের সবারই তীব্র পেট খারাপ ও বমি হয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ওই কর্মকর্তার পরিচিত আরও কয়েকজন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তার দাবি, তাদেরও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া নওফেল আহমেদ জানান, তার পরিবারের চার সদস্যই অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, খাবার খাওয়ার সময় কোনো অস্বাভাবিক গন্ধ বা স্বাদ পাওয়া যায়নি। সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল। কিন্তু খাওয়ার পর প্রথমে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি নিজে, তার মা ও সন্তানও অসুস্থ হয়ে পড়েন। সবারই ডায়রিয়ার মতো লক্ষণ ও বমি দেখা দেয়। স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিতে হয়।

নওফেল আরও বলেন, অনুষ্ঠানে অংশ নেওয়া আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, সেদিনের দাওয়াতে যাওয়া প্রায় সবাই অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে ফরচুন কনভেনশন হলের ব্যবস্থাপক শোয়েব হাসান বলেন, আট থেকে দশ বছরের ক্যাটারিংয়ের অভিজ্ঞতায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি। ঘটনার পর কোথাও কোনো ভুল হয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।

তিনি জানান, বিয়ের অনুষ্ঠানের খাবারের তালিকায় ছিল কাচ্চি বিরিয়ানি, বিফ রেজালা, চিকেন রোস্ট ও বোরহানি। প্রতিটি খাবারের উপকরণ বাজার থেকে কেনার পর অতিথিদের প্রতিনিধিকে দেখানো হয়েছিল। এরপর সেগুলো রান্নার জন্য পাঠানো হয়।

শোয়েব হাসান বলেন, এখন তারা খুঁজে দেখছেন, খাবার প্রস্তুত বা পরিবেশনের কোনো পর্যায়ে ভুল হয়েছিল কি না। তবে এ ধরনের ঘটনায় সমস্যার সুনির্দিষ্ট কারণ বের করা কঠিন। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন অতিথি অবশিষ্ট খাবার সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তাঁরা সেসব খাবার পরীক্ষাগারে পরীক্ষা করাতে চেয়েছেন। পরীক্ষার ফলাফল পাওয়া গেলে ঘটনার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যেতে পারে।