কয়েন পার্স

ব্যাগের জগতে ছোট্ট অথচ প্রয়োজনীয় অনুষঙ্গ কয়েন পার্স। নাম থেকেই বোঝা যায়, একসময় এর প্রধান ব্যবহার ছিল খুচরা পয়সা বা কয়েন রাখার জন্য। সময়ের সঙ্গে এর ব্যবহার ও নকশায় এসেছে পরিবর্তন। এখন কয়েন পার্স শুধু খুচরা টাকা রাখার উপকরণ নয়, বরং ফ্যাশনপ্রেমীদের দৈনন্দিন অনুষঙ্গের একটি অংশ। কয়েন পার্স সাধারণত আকারে ছোট হয়। গোলাকার, চৌকো, আয়তাকার কিংবা বিভিন্ন আকৃতির পার্স পাওয়া যায় বাজারে। চামড়া, কৃত্রিম চামড়া, কাপড়, ক্যানভাস ও পাটের মতো উপকরণে তৈরি হয় এসব পার্স। নকশার ক্ষেত্রে রয়েছে নানা বৈচিত্র্য। কোথাও ফুল, পাতা ও জ্যামিতিক নকশা, কোথাও কার্টুন চরিত্র, আবার কোথাও দেখা যায় পুঁতি, সূচিকর্ম ও হাতের কাজ। এখন মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে উজ্জ্বল রঙের পাশাপাশি প্যাস্টেল শেডের কয়েন পার্স।

আকারে ছোট হওয়ায় সহজেই রাখা যায় হ্যান্ডব্যাগ, ক্লাচ কিংবা পকেটে। খুচরা টাকা ছাড়াও এতে রাখা যায় চাবি, ছোট কানের দুল, আংটি কিংবা প্রয়োজনীয় কিছু জিনিস। ভ্রমণের সময়ও এটি বেশ কাজে আসে। কয়েন পার্স কেনার ক্ষেত্রে নকশার পাশাপাশি গুরুত্ব দিতে হবে উপকরণের মান, জিপার, ক্লিপের দৃঢ়তা এবং ভেতরের জায়গার দিকে। নিজের ব্যাগের রং ও ব্যবহারের ধরন অনুযায়ী বেছে নেওয়া যেতে পারে পছন্দের পার্সটি। উপহার হিসেবেও এটি হতে পারে ছোট্ট অথচ ব্যবহারিক একটি অনুষঙ্গ।