হোপ-জোসেফকে ছাড়াই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান ২০২৫–২৭ চক্রের শেষ মিশনে বাংলাদেশ সফরে নিজেদের দলে বড়সড় রদবদল আনল ওয়েস্ট ইন্ডিজ। লাল বলের ক্রিকেটের বাড়তি ধকল আর চোটের ঝুঁকি এড়াতে দলের প্রধান তারকা শাই হোপকে বিশ্রাম দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড, আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বাইরে রেখেছে পেসার আলজারি জোসেফকে।

ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমানে সবচেয়ে ছন্দে থাকা সেরা ব্যাটার হোপের অনুপস্থিতি দলটির ব্যাটিং অর্ডারে বেশ বড় শূন্যতা তৈরি করবে। সিডব্লিউআইয়ের বোর্ড পরিকল্পনা থেকে জানা গেছে, ফেব্রুয়ারি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ মিশনকে সামনে রেখে লাল বলের ক্রিকেট থেকে তাকে বিরতি দেওয়া হয়েছে।

পরিকল্পিত এই বিশ্রামের বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘তিনটি সংস্করণেই দীর্ঘ সময় ধরে টানা খেলার পর শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে তার কাজের চাপ (ওয়ার্কলোড) ও সার্বিক সুস্থতা ব্যবস্থাপনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

অন্যদিকে, জোসেফকে নিয়ে শারীরিক পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পর টেস্ট ক্রিকেট থেকে কিছুটা দূরে রাখার পথ বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। টেস্ট ম্যাচে দীর্ঘ সময় ধরে একটানা উচ্চ তীব্রতায় বল করার ঝুঁকি এই মুহূর্তে জোসেফের শারীরিক কন্ডিশনের সঙ্গে মানানসই নয় বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। 

তবে তারকাদের অনুপস্থিতির এই সিরিজে ক্রিকেটপ্রেমীদের নজর কাড়তে পারেন ২৩ বছর বয়সী আনক্যাপড মিডল অর্ডার ব্যাটার কেভিন উইকহ্যাম। ঘরোয়া চার দিনের টুর্নামেন্ট 'ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে' বার্বাডোজের হয়ে টানা তিন ইনিংসে ৩টি বিধ্বংসী সেঞ্চুরি (১০৫, ১৫৩ ও ১০৮*) হাঁকিয়ে সিডব্লিউআই নির্বাচকদের দরজা সশব্দে ভেঙেছেন এই তরুণ। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০.৮৮ গড়ে ৬টি শতক হাঁকানো এই উদীয়মান তারকা হোপের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারের মূল ভরসা হয়ে উঠতে পারেন।

এছাড়া জোসেফের জায়গায় দলে পেস-অলরাউন্ডার কিমো পলকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং হ্যামস্ট্রিং চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার জন ক্যাম্পবেল।

পয়েন্ট টেবিলের আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের জন্য দুই ম্যাচের এই সিরিজটিই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ অ্যাসাইনমেন্ট। প্রথম টেস্ট আগামী ২৮ অক্টোবর ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে, এবং দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ৫ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে ১৮ অক্টোবর বাংলাদেশে এসে ঢাকার কন্ডিশনে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে সফর শুরু করবে উইন্ডিজরা।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জাইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।